সিরাজগঞ্জ শহরে প্রেমের ফাঁদে পেতে অপহরণের পর মুক্তিপণ আদায় করা একটি চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। এদের মধ্যে একজন নারী সদস্যও রয়েছেন। বুধবার (১৭ নভেম্বর) সকালে র্যাব-১২’র মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার রাতে শহরের মাছুমপুর উকিলপাড়া মহল্লার নুরুজ্জামানের ৪র্থ তলার বাসায় এ অভিযান চালানো হয়। চক্রের নারী সদস্য মিথিলা ওই বাসার নিচ তলায় ভাড়া থাকতেন।
গ্রেফতারকৃতরা হলেন- শহরের মিরপুর উত্তরপাড়ার নজরুল ইসলামের ছেলে মোহাম্মদ আলী (২৫), হোসেনপুর পুঠিয়াবাড়ির আব্দুল লতিফের ছেলে মেহেদী হাসান (২৭), হোসেনপুর মহল্লার আশরাফ আলীর ছেলে আব্দুল জলিল (২৮) ও ধানবান্দি মহল্লার মানিক সেখের মেয়ে উন্নতি খাতুন ওরফে মিথিলা (২০)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার হাটিকুমরুল মোড়ের ফল ব্যবসায়ী সলঙ্গা থানার ধোপাকান্দি গ্রামের রঞ্জু সরকার (৪৩) ফল কিনতে সিরাজগঞ্জ শহরে আসেন। এরপর পূর্ব পরিচিত উন্নতি খাতুন ওরফে মিথিলার সাথে তার সাক্ষাত হয়। একপর্যায়ে মিথিলা কৌশলে রঞ্জুকে তার ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে আটকে রেখে ব্যবসায়ী রঞ্জুকে মারধর করে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়।
এ অবস্থায় রঞ্জুকে উদ্ধারে পরিবারের সদস্যরা র্যাবের কাছে লিখিত অভিযোগ করেন। এরপর রাতেই ওই ভাড়া বাসায় অভিযান চালিয়ে অপহৃত রঞ্জুকে উদ্ধার এবং চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে।